বরগুনা সংবাদদাতা:
পরীরখাল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে বাজারের পশ্চিম মাথায় সুমনের চায়ের দোকানে আগুন লাগে। এতে পাশের দুটি দোকানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের দোকান মালিক কাদের মিয়ার ঘরের ভাড়াটিয়া সুমনের চায়ের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনে সুমনের চায়ের দোকানে থাকা প্রায় ৩০ হাজার টাকা, বিভিন্ন খাদ্যদ্রব্য, দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।
তাছাড়া দোকান ঘরের মালিক কাদের মিয়ার প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও পাশের দোকানদার সিকদার সরোয়ারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম পাশের দোকান তাকওয়া টি স্টোরের মালিক ইসমাইলের দোকান আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বাজারে নিযুক্ত পাহারাদার মান্নান মিয়া জানান, গভীর রাতে সুমনের চায়ের দোকানে আগুন দেখতে পেয়ে তিনি বাজারে ডাকাডাকি করে লোকজন জড়ো করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দুই পাশের দেয়ালে পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Reporter Name 





















