বরগুনা সংবাদদাতা:
বরগুনায় শিশু সুরক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ডি.কে.পি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোসা. খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন।
বক্তারা বলেন, মাদকাসক্তি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করে নতুন প্রজন্মকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে হবে।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন বলেন, “মাদক শিশু-কিশোরদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার ভূমিকা রাখতে হবে।”
সহকারী পরিচালক আলী হায়দার বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। সচেতন তরুণ প্রজন্মই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Reporter Name 





















