বরগুনা সংবাদদাতা:
বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম খলিল (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাফরা ওই যুবককে আটক করে পুলিশে দেন।
আটক ইব্রাহিম খলিল বরগুনা সদর উপজেলার উত্তর বাঁশবুনিয়া ইউনিয়নের জামাইপাড়া এলাকার ইউনুস আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল আর্থিক সহায়তার আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে যান। একপর্যায়ে তিনি জেলা প্রশাসকের কক্ষে ঢুকতে চাইলে কর্তব্যরত স্টাফরা তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সেখানে থাকা স্টাফদের ওপর চড়াও হন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কার্যালয়ের কর্মচারীরা দ্রুত তাকে আটক করেন।
এ ঘটনায় জেলা প্রশাসকের গোপনীয় শাখার স্টাফ জহিরুল ইসলাম আহত হন বলে জানিয়েছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। তিনি বলেন, হামলার চেষ্টার বিষয়টি নিশ্চিত। অভিযুক্ত যুবকের আচরণ ছিল আক্রমণাত্মক।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ইব্রাহিম খলিল নিজেকে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে দাবি করেছেন। তিনি জানান, আর্থিক সহায়তার জন্যই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরগুনা সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ এমদাদুল হক জানান, ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। তিনি বলেন, এর আগেও সে তার মা, বোনসহ এলাকার একাধিক মানুষকে মারধর করেছে। একই ধরনের বক্তব্য দিয়েছেন এলাকাবাসীরাও।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ঘটনার সাথে সাথে ইব্রাহিম খলিলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তিনি বরগুনা সদরের বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা। হামলার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Reporter Name 





















