বরগুনা সংবাদদাতা:
বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর এক ট্রলার ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিশখালী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা শিকদার (৭৯)। তিনি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের বাসিন্দা। তিনি বনি আমিন শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলার ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি রাতে বিশখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোস্তফা শিকদার। পরদিন জেলেরা নদীতে তার নৌকাটি ভাসমান অবস্থায় দেখতে পায়। স্বজন ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।
পরিবারের সদস্যরা এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের জামাতা মো. মাসুদ বলেন, “প্রায় এক মাস আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। পরে হার্টে রিং পরানো হয়। এরপরও তিনি মাছ ধরতে নদীতে যেতেন। ৩১ তারিখ নিখোঁজ হওয়ার পর আমরা থানায় জিডি করি। আজ পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।”
তিনি আরও বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করলে তার পরিধেয় পোশাক দেখে আমরা শ্বশুরের লাশ চিহ্নিত করি।”
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Reporter Name 





















