বরগুনা সংবাদদাতা:
বরগুনার বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুর এগারোটার দিকে “বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ” বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনের এক পর্যায় তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ ডা: সুলতান আহমদ।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার সন্বয়ক আব্দুস সোবাহানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য সন্বয়ক খলিলুর রহমান, সদস্য মো: ইলিয়াছ, মো: নওশের আলী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্ত এখনো ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Reporter Name 




















