গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজারের মনোহারী ব্যবসায়ী মশিউর রহমানের(৪০) ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সীচা বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর আয়োজনে সীচা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ীরা সহ স্থানীয় নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সীচা বাজার ব্যবসায়ী হোসেন আলী, রবিউল ইসলাম (তরু), মোজাফফর, মোঃ মশিউর রহমান হিরা, আকু মিয়া, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম (বাবু), ব্যবসায়ী শাহিন ইসলাম, জুয়েল মিয়া সহ আরো অনেকে।
বক্তরা বলেন মামলা দায়ের করার পর এ ঘটনার সাথে জড়িত কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলেও এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে । তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। সীচা বাজারসহ সুন্দরগঞ্জের সকল ব্যবসায়ীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানানো হয়।
গত শনিবার রাত আনুমানিক ১ টার দিকে ব্যবসায়ী মশিউর রহমান তার প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে একদল দুষ্কৃতকারী পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে ব্যবসায়ের ৪ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা চিকিৎসার জন্য আহত মশিউর রহমানকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পরে ভুক্তভোগী মশিউর রহমানের স্ত্রী মোছাঃ মৌসুমি আক্তার(৩৭) বাদী হয়ে ৩ থেকে ৪ জন কে অজ্ঞাত করে সুন্দরগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। সুন্দরগঞ্জ থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত আসিফ, আল আমিন ও নাজমুল ইসলাম নামে ৩ যুবককে গ্রেফতার করেন। তাদের আরেক সঙ্গী রাজু মিয়া বর্তমানে পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Reporter Name 





















