বরগুনা সংবাদদাতা:
বরগুনার আমতলি উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে একটি কাঠের পুল (সেতু) নির্মাণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সেতুর অভাবে এলাকাবাসী ও কৃষকরা চরম দুর্ভোগে চলাচল করে আসছিলেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। নতুন এই কাঠের সেতু নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের যাতায়াতের কষ্টের অবসান ঘটেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সেতু নির্মাণ কাজে অংশগ্রহণ করেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ এবং সদস্য সোহেল। এ সময় স্থানীয় এলাকাবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে সেতু নির্মাণে সহযোগিতা করেন।
সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদারের নেতৃত্ব ও আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “আমরা আমাদের ব্যক্তিগত খরচের টাকা বাঁচিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে আমাদের।”
এলাকাবাসী স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 




















