রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁসমারি এলাকার গোলাম মোস্তফাকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২নং আসামি মোঃ উকিলকে (৫২) গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজশাহী জেলার চারঘাট থানার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত গোলাম মোস্তফা (৫২) পেশায় একজন দিনমজুর ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৮টার দিকে এশার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় খোঁজাপুর শাহী জামে মসজিদের অদূরে হেলাল নামক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে হামলার শিকার হন। মামলার প্রধান আসামি হাসিবুল মোল্লা ও তার সহযোগীদের যোগসাজশে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর উপরে গুরুতর জখম হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী নাজেরা বেগম বাদী হয়ে মতিহার থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় রুজু করা হয়। যাহার মামলা নং ৫।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল চারঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি মোঃ উকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি মতিহার থানার খোঁজাপুর এলাকার মৃত নহির উদ্দিনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানান র্যাব-৫। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে র্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।
Reporter Name 








