নিউজ ডেস্ক:
আগামী ৪৮ ঘণ্টার জন্য ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত ও সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধ্বসের আশঙ্কার কোথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২ মে) অধিদফতরের আবহাওয়াবিদ এ.কে.এম নাজমুল হক স্বাক্ষরিত দুটি পৃথক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরী অব্যাহত থাকায় আজ শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
পাশাপাশি, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলেও জানানো হয়েছে।
অন্য সতর্কবার্তায় বলা হয়, আজ শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
Reporter Name 









