Tuesday, 27 October 2026 · সংবাদ, বিশ্লেষণ ও মানুষের কথা
নির্ভরযোগ্য সংবাদ
সবার আগে, সঠিকভাবে
বস্তুনিষ্ঠতায় বিশ্বস্ত
বাংলাদেশ ও বিশ্ব
27 October 2026
সর্বশেষবন্দরে ৩ নম্বর সংকেত, ঘূর্ণিঝড় আর্নাব আরও শক্তিশালী

নাটোর-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থী দুলুর বিরুদ্ধে

নাটোর সংবাদদাতা:

নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দুলু তার নির্বাচনী এলাকায় নিষিদ্ধ পিভিসি ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে প্রচার কার্যক্রম চালাচ্ছেন, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী।

স্থানীয় সূত্রে ও সরজমিনে গিয়ে দেখা যায়, নাটোর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সদর ও নলডাঙ্গা উপজেলার বাজারঘাট ও জনসমাগমপূর্ণ এলাকায় দুলুর ছবি সম্বলিত পিভিসি ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। নাটোর এন.এস সরকারি কলেজের অভ্যন্তরে প্রবেশ করে নাটোর সদর ও নলডাঙ্গা নিয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির ৩৯ নং সদস্য মোছাঃ আজমিরা সুলতানা ধানের শীষের পক্ষে হ্যান্ড বিল বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ধানের শীষে ভোট চান এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর আচরণ বিধিমালা ২০২৫ এর ‘ধারা ৭ এর খ’ এবং ‘১৫ এর খ’ মতে আচরণ বিধি লংঘন হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী পরিবেশের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ও ফেস্টুন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা চালনো যাইবেনা।

এ বিষয়ে সচেতন মহল ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, একজন প্রার্থী যদি শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়। দ্রুত এসব অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ আদনান এবং নলডাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ম্যাজিস্ট্রেটকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও সংবাদ

মন্তব্য (0)

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *