বরগুনা সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরগুনা-১ (আমতলী–তালতলী ও বরগুনা সদর) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মহিবুল্লাহ হারুন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ তাছলিমা আক্তারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। আবেদন গ্রহণের পর তা অনুমোদন করেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে। ফলে বরগুনা-১ আসনে জামায়াতে ইসলামীর আর কোনো প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন না।
জানা গেছে, ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরগুনা-১ আসনে জামায়াতে ইসলামী থেকে মাওলানা মহিবুল্লাহ হারুনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে জোটগত রাজনৈতিক সমীকরণ ও নির্বাচন কৌশলের অংশ হিসেবেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এদিকে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে বরগুনা-১ আসনের নির্বাচনী মাঠে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে। এখন এই আসনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোনয়ন প্রত্যাহার শেষে আগামীকাল বুধবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করেছি।
জেলা প্রশাসক ও রিটার্নীং কর্মকর্তা মিজ তাসলিমা আক্তার বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াতের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আগামীকাল চুড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে।
Reporter Name 























